আরিফুল ইসলাম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে কৌশলে মানবপাচার ও হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. তুরাপ মোল্যা (৪৫)। সে স্থানীয় মৃত আনারদ্দিন মোল্যার ছেলে।
জানা যায়, তুরাপ মোল্যা একজন আদম ব্যবসায়ী। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি মাঝারদিয়া গ্রামের নুর আলম নামে এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি তুরাপ মোল্যা। একপর্যায় ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তুরাপ স্থানীয় মসজিদে জুময়ার নামাজ পড়ছে এমন খবরে শুক্রবার জুম্মার নামাজের সময় ঈদগাহ মসজিদের সামনে থেকে সালথা থানার এএসআই নাজমুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তুরাপকে আটক করে।
এরপর তুরাপের বড় ভাই হানিফ মোল্যা, কিরাম মোল্যা, ভাতিজা রহিম মোল্যা ও রিয়াজ মোল্যা সহ ১০/১৫ জন লোক পুলিশের কাছে এগিয়ে যায়। এসময় পুলিশের কাছে থাকা তুরাপকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পুলিশকে ঘিরে ধরলে তুরাপ পালিয়ে যায়। এ সময় তুরাপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়েও বের হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তুরাপ মোল্যা স্থানীয় ইউপি সদস্য কবির হোসেনের সমর্থক।
মাঝারদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হামিদ বলেন, নামাজ পড়ে বের হবার পর পুলিশের সাথে ধাক্কাধাক্কি দেখে ওদের নিষেধ করলে ওরা আমার উপর চরাও হয়। পুলিশ যাওয়ার পর কবির মেম্বারের লোকজন আমাকে গালিগালাজ করে ও হুমকি দেয়। এরপর আবার পুলিশ আসলে ওরা পালিয়ে যায়। এই বিষয়ে জানতে তোরাপ মোল্যার বাড়িতে গেলে তোরাপ বা তার ভাই কাউকে পাওয়া যায় নাই।
এ বিষয় সালথা থানার এএসআই নাজমুল হোসেন বলেন, আমাদের উপর কোনো হামলা হয়নি। তুরাপকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের লোকজন এসে তুরাপকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তুরাপ ওঠে দৌড়িয়ে পালিয়ে যায়। ফরিদপুর সহকারি পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি আমি জানার পর আমি ঘটনাস্থলে ছুটে যাই। ইতিমধ্যে ওই আসামিকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করতে পারব।
You cannot copy content of this page
Leave a Reply