আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহে শ্রেষ্ঠদের সম্মাননা
আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন মো. মোজাহিদুল ইসলাম।
এছাড়াও অত্র বিদ্যালয়ের গার্লস ইন গাইডসহ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিটি ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জাতি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply