আলমগীর জয়: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য সর্বাত্মক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন। তাদের সুরক্ষার জন্য সকল কার্যক্রম-আইন করেছেন। এখন সময় নারীদের এগিয়ে যাবার। তাদের প্রকৃত শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, দেশের সফল জয়িতা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুধু নিজে জাগেননি, সাথে সাথে পুরো দেশকে জাগিয়ে তুলেছেন। সফল নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। নারী জাগরনে সামাজিকসহ নানা ক্ষেত্রে যে বাঁধাসমূহ ছিল বঙ্গবন্ধু কন্যা তা দৃঢ়তার সাথে দূর করেছেন। বর্তমান সময় শুধু সামনে এগিয়ে যাবার সময়। ‘নারী নির্যাতন বন্ধ করি-কমলা রঙ্গের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার এসব কথা বলেন।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের শুরু হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়। সন্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, মহিলা সমিতির জেলা সভাপতি শিপ্রা রায় প্রমূখ। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, অভিভাবকগণ ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী নারী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহীদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী ফরিদপুর পৌরসভার হাউজিং এস্টেটের রোকেয়া বেগম, সফল জননী হাবেলী গোপালপুর গ্রামের মোসাঃ আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের ফিরোজা বেগম ও সমাজ উন্নয়নে ফরিদপুর পৌরসভার পশ্চিম গোয়ালচামট গ্রামের আলেয়া বেগম ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট গ্রহণ করেন। এর আগে অনুষ্ঠানে বেগম রোকেয়ার উপর প্রবন্ধ পাঠ করেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনন্দিতা চৌধুরী মৃত্তিকা। নিজ জীবনের সাফল্যের গল্প তুলে ধরে প্রত্যেক জয়িতা অনুভূতি ব্যক্ত করেন।
You cannot copy content of this page
Leave a Reply