লেবাননে বোমা হামলায় ফরিদপুরের এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :
মধ্যপাচ্যের চলমান যুদ্ধে লেবাননের বৈরুত এর হামরা এলাকায় দীপালী আক্তার (৩৪) নামে ফরিদপুর জেলার এক নারীর মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল সন্ধ্যায় ইসরাইলের বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান।
দীপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখ এর মেয়ে। ২০২৪ সালে দীপালী গৃহকর্মী হিসেবে লেবাননে যায়। সেখানে সে গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সাথে বসবাস করতেন।
জানাগেছে, এই দিন দিপালী যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। বিষ্ফোরণে তার কফিলের (চাকুরিদাতা) পরিবারেরও ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি ছিলেন চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশীদের মাধ্যেমে খবর পেয়ে দূতাবাসেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিটেন্স যোদ্ধা দিপালীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।
You cannot copy content of this page
Leave a Reply