১৫ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, ফরিদপুরে কার্যক্রম শুরু ২০ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী হাম ও রুবেলা রোগ নির্মূলে বিশেষ টিকাদান কর্মসূচি “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০৩টি উপজেলা ও ৯টি সিটি করপোরেশন এলাকায় ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এ সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
ফরিদপুর জেলায় এই ক্যাম্পেইন শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং চলবে ১০ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে অভিভাবকদের নিজ নিজ এলাকার স্বাস্থ্য সহকারী বা নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় ধাপে ১৩ থেকে ২৪ মে পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া তৃতীয় ধাপে দেশের সব জেলা, উপজেলা ও পৌরসভায় ২০ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে। ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে, ক্যাম্পেইনের তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে মাইক্রোপ্ল্যান ডাটা এন্ট্রি এবং টিকা গ্রহণের জন্য নিবন্ধনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply