নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী ও বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়।
স্থানীয়দের মতে, গোয়ালদী ও বনগ্রাম গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মশিউর মোল্যা, নয়ন মোল্যা ও জিয়ার মোল্যা। অপর পক্ষের নেতৃত্ব দেন সলেমান তালুকদার ও রবি তালুকদার। এর আগে একাধিকবার তাদের মধ্যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকরা প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ১০টি ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।
You cannot copy content of this page
Leave a Reply