ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। এসব রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশ বিস্তারস্থল ধ্বংস করার ওপর জোর দেন তারা।
এছাড়া শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রাস্তা ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে পৌরসভা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে বলেও জানানো হয়।
অনুষ্ঠান শেষে পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply